প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী
মোঃ এনামুল মন্ডল ||
বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যকর্ম ও অবদানকে গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে থাকা প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানে অনুষ্ঠান করতে চাই।’ এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। এ উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরও পড়ুন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সাতক্ষীরা গড়ার আহ্বান হাবিবুল ইসলাম হাবিবের১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। পরে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর স্মৃতি সংরক্ষণে পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। সেখানে তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। এ ছাড়া স্মৃতিকেন্দ্রে রয়েছে তাঁর ভাস্কর্য, সংগ্রহশালা, সভাকক্ষ, গ্রন্থাগার, পাঠাগার ও আবাসিক কর্মকর্তার কক্ষ। তবে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন স্মৃতিকেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা কমছে বলে জানা গেছে। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাহিত্যিক গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক মোট ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘রত্নাবতী’, ‘জমিদার দর্পণ’, ‘বিষাদ সিন্ধু’, ‘গো-জীবন’, ‘গাজী মিয়ার বোস্তানী’ ও ‘আমার জীবনী’। সাহিত্যকর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন মীর মশাররফ হোসেন। তাঁর স্মৃতি ও সাহিত্যকর্ম সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে পদমদীর এই স্মৃতিকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত