প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সাতক্ষীরা গড়ার আহ্বান হাবিবুল ইসলাম হাবিবের
শেখ আমিনুর হোসেন ||
ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ খ্রিষ্টরাজ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক খ্রিষ্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরার মাটিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গর্ব ও শক্তি। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে চান। মানুষের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে একটি সুন্দর, মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতির সাতক্ষীরা গড়ে তুলতে হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘খ্রিষ্টে ঐক্য, প্রেমে সম্প্রীতি, সেবায় মানবতা—এক দেহে বহু অঙ্গ, এক বিশ্বাসে সম্মিলিত পথচলা।’আরও পড়ুন, গোপালগঞ্জে এমপির গাড়িসহ ১০ যানবাহনের একসঙ্গে সংঘর্ষ, আহত শতাধিকঅনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও, বড়দল ধর্মপল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার ডমিনিক সরকার, শ্যামনগরের ঈশ্বরীপুর ধর্মপল্লীর রেভাঃ ফাদার লুইজী পাঙ্গী এবং বড়দল ধর্মপল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার সের্জো। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রোটাঃ মিঃ স্বপন বৈরাগী। বক্তারা তাঁদের বক্তব্যে খ্রিষ্টীয় আদর্শের আলোকে ঐক্য, ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, খ্রিষ্টীয় বিশ্বাসের মূল শিক্ষা হলো ভালোবাসা, ঐক্য ও মানবকল্যাণ। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাইবেলের ১ করিন্থীয় ১২:১২-২৭ এবং কলসীয় ৩:১৪ পদকে কেন্দ্র করে সম্মেলনে এক দেহের বহু অঙ্গের মতো পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা মানবতার সেবায় খ্রিষ্টীয় মূল্যবোধের চর্চা এবং সমাজের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় অতিথি ও প্রতিনিধিদের নিবন্ধনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ সম্মেলনে খ্রিষ্টীয় বিশ্বাস, সাংগঠনিক ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবসেবার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত