প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িসহ ১০ যানবাহনের একসঙ্গে সংঘর্ষ, আহত শতাধিক
সংবাদ দিগন্ত ||
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক সংঘর্ষে ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।আরও পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার ৭ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানমুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশকালে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত