প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা ইনানীতে, এখনো জ্বলছে আগুন
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন ১৭ দিন ধরে জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এতে এলাকাটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্যাসের চাপ ও প্রকৃতি বোঝার জন্য বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি স্বাভাবিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত সময় পার হওয়ায় এখন বাপেক্সের উচ্চপর্যায়ের দল পরবর্তী পদক্ষেপ এবং প্রয়োজনে রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাপেক্সের প্রাথমিক পরীক্ষার ফল অনুযায়ী, এটি সাধারণ কোনো গ্যাসের পকেট নয়; বরং ভূগর্ভের গভীর থেকে নির্গত থার্মোজেনিক গ্যাস। তবে এর প্রকৃত মজুদ ও বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগিতা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এবং নিরাপত্তাবেষ্টনী বহাল রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শে গ্যাসের প্রবাহ সরাসরি বন্ধ না করে আগুন জ্বলতে দেওয়া হচ্ছে। তাঁদের আশঙ্কা, ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য স্থানে ফাটল সৃষ্টি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।আরও পড়ুন,ফেডের কঠোর অবস্থানে বিশ্ববাজারে ডলারের উত্থান বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি গ্যাসের মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ শুরুর প্রস্তুতি চলছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, ১১ নভেম্বর সকাল ১১টার দিকে সেখানে বিকট শব্দ শোনা যায়। এরপর আগুনের তীব্রতা কিছুটা কমেছে এবং আগুনের স্থান সামান্য সরে গেছে। তিনি বলেন, বাপেক্স ও পেট্রোবাংলার প্রায় ৩০ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল সপ্তাহখানেকের মধ্যে ঘটনাস্থলে আসতে পারে। তাঁদের জন্য ক্রেন ও পাইপসহ প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে উপজেলা প্রশাসন সহযোগিতা করছে। ইউএনও আরও জানান, ঘটনাস্থলে প্রায় ১৪০ গজ বেড়া দেওয়ার কাজ বাকি রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঝুঁকি থাকায় ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত