প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
তিতাসে দলীয় কোন্দলের জেরে সংঘর্ষ, আহত ২০
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাতেই উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্র ও আয়োজকদের বরাতে জানা গেছে, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে হামলায় জড়িয়ে পড়ে।আরও পড়ুন,শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৬ নভেম্বর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিতাস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া চারজনের মধ্যে ফাহিম ও রনির অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এমদাদ হোসেন আখন্দ অভিযোগ করেন, জামাল উদ্দিন প্রধান আওয়ামী লীগের লোকজন নিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। তাঁর দাবি, তাঁকে ও তাঁর সমর্থকদের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাঁর বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জামাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমের সই করা চিঠিতে এমদাদ হোসেনকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। চিঠিতে সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত