প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সাইবার হামলা নয়, সার্ভার ত্রুটিতে মাইক্রোসফটের বিপর্যয়
সংবাদ দিগন্ত ||
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫, টিমসসহ প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিভিন্ন সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েন লাখো ব্যবহারকারী। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মাইক্রোসফটের সেবায় সমস্যা দেখা দেওয়ার পর ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান। পরে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নেমে আসে। তবে তখনো অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ এবং ইনবক্স খুলতে সমস্যার কথা জানান। বিপর্যয়ের কারণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের সেবাও ব্যাহত হয়। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। আরও পড়ুন, ইরানে হামলার পরিকল্পনা ঘিরে ইসরায়েলি নেতৃত্বে অস্বস্তিপুনরায় চালু করা সার্ভারগুলো বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভার সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থায় সেবা চালু রাখার চেষ্টা চলছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা স্বাভাবিক সেবা ফিরে পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাতেও। মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ তৈরি এবং কিছু টুল ব্যবহারে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ওপেনএআই। একই ধরনের সমস্যার কথা জানিয়েছে অ্যানথ্রপিক। অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরির মতে, মাইক্রোসফটের নেটওয়ার্ক ব্যবস্থায় ত্রুটির কারণে সার্ভারগুলো অকার্যকর হয়ে পড়তে পারে। এতে সচল সার্ভারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়ে সমস্যাটি আরও ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নেটওয়ার্ক কনফিগারেশন পরিবর্তনের আগে যথাযথ পরীক্ষা এবং ক্লাউড সেবার বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত