প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৬ নভেম্বর
সংবাদ দিগন্ত ||
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার অন্য ১০ আসামির সঙ্গে একই ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে চান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের শুনানিতে তাঁকে আলাদা ভ্যানে করে হাজির করা হলে তাঁর আইনজীবী এ নিয়ে আপত্তি জানান। পরে জিয়াউল আহসান নিজেও অন্য আসামিদের সঙ্গে আসার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট ৪১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, তাঁর মক্কেল আদালতে উপস্থিত থেকে মামলার কার্যক্রমে অংশ নিতে চান।আরও পড়ুন,মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ তবে প্রসিকিউশনের আপত্তির কারণে তাঁকে ভার্চুয়ালি হাজির করার কথা ভাবা হচ্ছে। তিনি জানান, জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আনার আবেদন করা হয়েছিল। একা পুলিশ ভ্যানে আসতে তিনি অনিরাপদ বোধ করেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অন্য আসামিরা জিয়াউল আহসানের সঙ্গে একই ভ্যানে আসতে চান না। এ কারণে নিরাপত্তার বিষয় বিবেচনায় তাঁকে আলাদা ভ্যানে আনার সিদ্ধান্ত হয়েছিল। ট্রাইব্যুনাল জানায়, আসামির উপস্থিতিতে শুনানি করতেই তারা আগ্রহী, তবে নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হবে। পরে জিয়াউল আহসানকে আইনজীবীদের ডকে ডেকে তাঁর বক্তব্য শোনে ট্রাইব্যুনাল। তিনি জানান, অন্য আসামিদের সঙ্গে এসে শুনানিতে অংশ নিতে চান। এ পর্যন্ত ৫৭ বার ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বলেও জানান তিনি। এ সময় বাকি ১০ আসামি বলেন, জিয়াউল আহসান তাঁদের সঙ্গে এলে তাঁদের আপত্তি নেই।আরও পড়ুন,প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার: তথ্যমন্ত্রী মামলার অভিযোগপত্রে ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগরে গুলির ঘটনায় মোট ৫২ জন নিহত হওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরে ৩২ জন এবং সিদ্ধিরগঞ্জে ২০ জন নিহত হন। হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মামলায়। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। বৃহস্পতিবার শুনানিতে চিফ প্রসিকিউটর অভিযোগগুলো পড়ে শোনান এবং বিচার শুরুর আবেদন করেন। আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত