প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে পরিপূর্ণ ব্যর্থ’: নুসরাত তাবাসসুম
সংবাদ দিগন্ত ||
কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, তদন্ত চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সম্ভাব্য প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছেন। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে তাঁর সংশয় তৈরি হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নুসরাত। গত বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িটির টিনের ছাউনির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। নুসরাত ঘটনাটিকে নাশকতা হিসেবে উল্লেখ করে পেট্রলবোমা হামলার অভিযোগ করেন। এ ঘটনায় তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনা নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে দুই দফা বক্তব্য ও পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরা হয়। নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।আরও পড়ুন, এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির অন্যদিকে, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পেট্রলবোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। পুরোনো বৈদ্যুতিক তারের কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, তিনি ও তাঁর পরিবার নাশকতার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্তের আশা প্রকাশ করলেও মন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন। তিনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিবেদনে কী থাকতে পারে, সে বিষয়ে ধারণা দিয়েছেন। তাঁর ভাষ্য, মন্ত্রী নিজেই যদি প্রতিবেদনের ধরন নির্ধারণ করতে চান, তাহলে তদন্তকারীদের পক্ষে ভিন্ন কিছু করা কঠিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনে ‘পরিপূর্ণ ব্যর্থ’ উল্লেখ করে নুসরাত নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।আরও পড়ুন, শিল্পাঞ্চলে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর তাঁর অভিযোগ, অগ্নিকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও যোগাযোগ করতে পারেননি। পরে তাঁকে ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাড়ির বড় অংশ পুড়ে যায় বলে তিনি দাবি করেন। নুসরাত আরও অভিযোগ করেন, আগুনের পরপরই আলামত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আগুন নেভানোর পানিতে বিভিন্ন আলামত নষ্ট হয়ে যায় এবং প্রায় ১৩ ঘণ্টা পর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিস্ফোরণের আলামত সংরক্ষণেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে গুরুতর অপরাধের তদন্তে প্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি কতটা, তা ভেবে দেখার বিষয়। ফেসবুক পোস্টে নুসরাত তাঁর পাশে দাঁড়ানো শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। দল-মত ও পেশা নির্বিশেষে যাঁরা সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত