প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
সরকারি পেনশনভোগীদের জন্য নতুন প্রজ্ঞাপন জারি
সংবাদ দিগন্ত ||
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (১১ নভেম্বর) জারি হওয়া প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। যাঁদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাঁদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা পাবেন ৭৫ শতাংশ বৃদ্ধি। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৬৫ শতাংশ। এ ছাড়া ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে। তবে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ হাজার টাকা, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকার ক্ষেত্রে ৩৫ হাজার, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকার ক্ষেত্রে ৪৯ হাজার, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬২ হাজার এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো অবস্থাতেই সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকার কম হবে না।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসন পদ্ধতি তুলে দেওয়ার সময় এসেছে: স্পিকারএকাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তাঁর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে নিট পেনশন বণ্টন করতে হবে। অন্যদিকে, যেসব বিদ্যমান পেনশনভোগী মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পান, তাঁরা ১ জুলাই ২০২৭ তারিখে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হয়ে ওই তারিখে বা পরবর্তী সময়ে চলমান রয়েছে, তাঁরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন-ভাতা পাবেন। তবে ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে। যাঁরা ১ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাঁদের বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে চাকরি সমাপ্তির পর ১ জুলাই ২০২৬ তারিখে অবসর-উত্তর ছুটি অর্জনকারী কর্মচারীরা ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন। অন্যদিকে, ১ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট দেওয়া হবে। অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত