প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
বরিশাল শিক্ষা প্রকৌশলে ১১০ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ
শফিকুল ইসলাম বাবু ||
সরকারি দপ্তরের দায়িত্বে থেকে পরোক্ষভাবে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে রয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে লিখিত অভিযোগ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তিতে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি। ইতোমধ্যে তাঁকে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো জেলায় বদলি করা হতে পারে। তবে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠার পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না? শুধু বদলিই কি এসব অনিয়মের সমাধান?১১০ কোটি টাকার কাজে অনিয়ম ও পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগবরিশাল ঠিকাদার সমিতির ২৪ জন ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগপত্র সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের অনুলিপি ইইডির প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বরিশালের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা ইত্যাদি) নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারকাজে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকা বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান নির্বাহী প্রকৌশলীর পরিচিত ও পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট।আরও পড়ুন, গোলাপগঞ্জ কৈলাশটিলা গ্যাসকূপ অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভানিজেই ঠিকাদার ও বিল আটকে কমিশন বাণিজ্যঠিকাদারদের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, শহিদুল ইসলাম সরকারি কর্মকর্তা হয়েও পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগী ঠিকাদারদের ভাষ্য, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিল ছাড় করানো পর্যন্ত মোটা অঙ্কের কমিশন গুনতে হয়। চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রেখে অর্থনৈতিক ও মানসিক হয়রানি করা হয়।অবৈধ সম্পদ, অসদাচরণ ও সরকারি রেস্ট হাউসের অপব্যবহারশুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি ‘সচেতন নাগরিক’-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে তাঁর ও পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী ও ব্যাংক লেনদেন তদন্তের আবেদন জানান। এ ছাড়া ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করা হয়েছে। পাশাপাশি দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও তুলেছেন ঠিকাদাররা।মানববন্ধন ও কর্তৃপক্ষের বক্তব্যদীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে এবং তাঁর প্রত্যাহার ও বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন ও নগরজুড়ে পোস্টারিং করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল ও ভুক্তভোগী ঠিকাদারদের প্রত্যাশা, কেবল বদলির মাধ্যমে বিষয়টি ধামাচাপা না দিয়ে দরপত্র প্রক্রিয়া, আর্থিক লেনদেন ও সম্পদের উৎসের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত