প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
সংরক্ষিত নারী আসন পদ্ধতি তুলে দেওয়ার সময় এসেছে: স্পিকার
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নভিত্তিক সদস্য নির্বাচনের পদ্ধতি বিলুপ্ত করে নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মনে করেন, দেশের নারীরা এখন রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি যোগ্য ও দক্ষ। তাই সংরক্ষিত আসনের ওপর নির্ভরশীল না রেখে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। স্পিকার বলেন, আগের তুলনায় জাতীয় সংসদে নারী সদস্যদের দক্ষতা, যোগ্যতা ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যদের মধ্যে ছয়জন ব্যারিস্টার রয়েছেন। এ ছাড়া সাত-আটজন নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করছেন। সংসদে তাঁদের বক্তব্য ও উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, তাঁদের বক্তব্য শুনে তিনি মুগ্ধ হন।আরও পড়ুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি ডেপুটি স্পিকারনারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান করা যেতে পারে। এতে নারীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। সংরক্ষিত নারী আসনের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, দেশের প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। সে সময় নারীরা তুলনামূলকভাবে পিছিয়ে থাকায় তাঁদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে। তবে তাঁর ব্যক্তিগত মত, নারীরা এখন নিজেদের যোগ্যতা অর্জন করেছেন। সংরক্ষিত আসনের ওপর নির্ভরশীলতা তাঁদের রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বাধা হতে পারে। স্পিকার আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় অনেক যোগ্য নারী নেত্রী রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখেন। রাজনীতিতে নারীদের এমন অগ্রগতি দেশের সামগ্রিক সামাজিক অগ্রগতিরও প্রতিফলন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত