প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ভারতের ধনকুবের পরিবারের মেয়ে কাব্যকে বিয়ে করলেন অনিরুদ্ধ
সংবাদ দিগন্ত ||
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর বিয়ে করেছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানকে। দীর্ঘদিনের প্রেম ও বিয়ের গুঞ্জনের অবসান ঘটিয়ে ১১ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নবদম্পতিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। বিয়ের পর নিজেদের প্রথম ছবি প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে অনিরুদ্ধকে ঐতিহ্যবাহী হাতির দাঁতের রঙের পোশাকে এবং কাব্যকে হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গায় দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ১০ ও ১১ নভেম্বর দুই দিন ধরে বিয়ের আয়োজন চলে। অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনীতির পরিচিত ব্যক্তিরা। উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।আরও পড়ুন,বিয়ের স্বাক্ষর নিয়ে ৩৩ বছর পরও হাসির গল্প তারকা দম্পতির আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে তাঁরা কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। ২০২৫ সালের জুনে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে তা উড়িয়ে দিয়ে মজার ছলে গুজব বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। পরে ২০২৬ সালে অনিরুদ্ধর চাচা অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তুতির কথা জানান। অক্টোবরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও কাব্যর বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণের তথ্য প্রকাশ করা হয়।কাব্য মারান ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবার মারান পরিবারের সদস্য। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাবেরী মারানের মেয়ে। সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবেও কাজ করছেন। হুরুন রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী, কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা। ফোর্বসের হিসাবে তাঁর সম্পদের পরিমাণ ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।আরও পড়ুন,অভিনয়ের পাশাপাশি আবাসন বিনিয়োগেও সফল লি জং–সুকএ কারণেই কাব্যকে ২৫ হাজার কোটি টাকার সম্পদের উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হচ্ছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সান টিভি নেটওয়ার্ক দক্ষিণ ভারতের অন্যতম বড় গণমাধ্যম গোষ্ঠী। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি রেডিও, সংবাদপত্র, সম্প্রচার ও চলচ্চিত্র ব্যবসায় প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ ২০১৩ সাল থেকে আইপিএলে খেলছে। ২০১২ সালে ধানুশ অভিনীত তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। পরে রজনীকান্ত, বিজয় ও অজিত অভিনীত একাধিক সিনেমায় সংগীত পরিচালনা করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ান’, ‘কাথথি’, ‘মাস্টার’ ও ‘বিস্ট’। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সিনেমাটির গান ও আবহসংগীত তাঁকে হিন্দি চলচ্চিত্রের দর্শকদের কাছেও পরিচিত করে তোলে।অনিরুদ্ধর সঙ্গে রজনীকান্তর পারিবারিক সম্পর্কও রয়েছে। তাঁর মা লক্ষ্মী রবিচন্দর অভিনেতা রজনীকান্তর স্ত্রী লতা রজনীকান্তর বোন। ফলে সংগীতজগতের পাশাপাশি দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও তাঁর পারিবারিক যোগাযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত