প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি প্রতিমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ শর্তে এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘Climate Change Adaptation in Bangladesh: From National Success to Global Scale-Up’ শীর্ষক এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব উদ্যোগ ও অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিশ্বব্যাপী উদাহরণ সৃষ্টি করেছে। আরও পড়ুন,খেজুর আমদানি ও এলএনজি কেনায় কমিটির সুপারিশ ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর দেশব্যাপী ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এ ছাড়া নিজস্ব সম্পদ দিয়ে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠন এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংক্রান্ত ব্যয় চিহ্নিতকরণের ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশই জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। অর্থায়নের তীব্র ঘাটতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি মার্কিন ডলারেরও কম, যা অভিযোজন কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই তিনি অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি তহবিল পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত