প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
খেজুর আমদানি ও এলএনজি কেনায় কমিটির সুপারিশ
সংবাদ দিগন্ত ||
আসন্ন রমজানে বাজারে খেজুরের সরবরাহ নিশ্চিত করতে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়। সভা সূত্রে জানা গেছে, পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এলএনজি কেনার জন্য জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভকে উৎস হিসেবে বিবেচনার সুপারিশ করেছে কমিটি। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। আরও পড়ুন,গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের উদ্যোগপাশাপাশি জাপানের জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে। অন্যদিকে, রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ করা হয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা কমানোর প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসরণের কথা বলা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় এ কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত