প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
গাজার হাসপাতালে হামলায় ছয়জন নিহতের খবর
সংবাদ দিগন্ত ||
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, হাসপাতালটির একটি ভবন থেকে নিহতদের মরদেহ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নাসের হাসপাতাল কর্তৃপক্ষও এক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে তথ্য যাচাই করছেন।আরও পড়ুন,ফিলিস্তিনি রাজনীতিতে টিকে থাকতে নতুন পথ খুঁজছে হামাস ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের সূচনা হয়। এর আগে মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ সাতজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ‘সামরিক তৎপরতায় জড়িত ব্যক্তিদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর খবর জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত