প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ফেডের কঠোর অবস্থানে বিশ্ববাজারে ডলারের উত্থান
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দর ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপকারী ডলার সূচক বৃহস্পতিবার ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান। যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেডের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও তাঁরা নাকচ করেননি। আরও পড়ুন,দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সব ধরনের রুপার দামবাজার বিশ্লেষকদের মধ্যে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি ২০২৭ সালের শুরুতে আরও এক দফা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে অতিরিক্ত সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে। গত বছরের মে মাসের পর এটিই ইউরোর সর্বনিম্ন দর। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দাম ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে। তবে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর সামান্য কমেছে। বৃহস্পতিবার ডলারের দাম ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি পরিস্থিতি এবং ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত