প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে আবারও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে রাজধানীর পল্লবী থানার প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ওই বিস্ফোরণ ঘটানো হয়।আরও পড়ুন, রাজধানীতে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ সড়কে ডিএমপির চেকপোস্টএ ছাড়া গত শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর পরদিন শনিবার (৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর কয়েক দিনের ব্যবধানে রাজধানীর একাধিক থানার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে থানা ও পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত