প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে নতুন নির্দেশনা
সংবাদ দিগন্ত ||
নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে পাবেন। পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে।আরও পড়ুন, পুলিশের এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলিতবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, সেটিই ভাতা নির্ধারণের ভিত্তি হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ খাতে কোনো বকেয়া অর্থ দাবি করতে পারবেন না। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ বিভাগের জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত