প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
প্রথমার্ধে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের দুই গোল, এগিয়ে হামজারা
সংবাদ দিগন্ত ||
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর অধিনায়ক হামজা চৌধুরীর দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার শুরু থেকেই আক্রমণে মনোযোগী ছিল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। পাঁচজনের দেয়াল টপকে হামজা চৌধুরীর নেওয়া শট অবশ্য পোস্টের ওপর দিয়ে চলে যায়। তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হয়। তবে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নিতে পারেননি ফারহান আলী ওয়াহিদ। অষ্টম মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।আরও পড়ুন, র্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগোলেন তাওহিদ হৃদয়গোলের পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে হোসাইনের আরেকটি ক্রসও ঠিকভাবে সামলাতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ২৫ মিনিটে ফারহানের হেডে মাঝখানে আসা বলে পেছন ফিরে ব্যাকফ্লিকের চেষ্টা করেন হামজা। কিন্তু তার সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। মাঝে বলের দখল বাড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। ৩৫ মিনিটে বলের নিয়ন্ত্রণে তাদের দখল ছিল ৫৩ শতাংশ। তবে সেই আধিপত্য থেকে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। ৪০ মিনিটে বাম দিক থেকে ডি সিলভার বিপজ্জনক ক্রস বাংলাদেশের রক্ষণভাগে কিছুটা চাপ সৃষ্টি করে। প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণে উঠে বাংলাদেশ। ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন হামজা। এরপর তার জোরালো শট গোলরক্ষকের হাঁটুতে লেগে বারে আঘাত করে। শেষ পর্যন্ত বল জালে জড়ালে ব্যবধান ২-০ হয়। অধিনায়কের গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত