প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা, শুকনো মৌসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর
আবদুস সালাম খান ||
এক সময়কার খরস্রোতা, প্রমত্তা তিস্তা নদী এখন মরা তিস্তায় পরিণত হয়েছে। শুকনো মৌসুম না আসতেই পানির অভাবে নদীর বুকজুড়ে জেগে উঠেছে ধু-ধু বালুচর। কোথাও হাঁটুপানি, কোথাও বিস্তীর্ণ বালুর চর। সেই বালুচরে চাষ করা হচ্ছে বিভিন্ন রবিশস্য। একসময় যে নদীতে পাল্লা দিয়ে চলত শত শত নৌকা, সেই তিস্তার অনেক স্থানেই এখন হেঁটেই পার হচ্ছেন মানুষ। পানির অভাবে সংকুচিত হয়েছে নদীর জলধারা, দেখা দিয়েছে তীব্র নাব্যসংকট। নদীর এমন বিবর্ণ চিত্রে বদলে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা। বুধবার (১১নভেম্বর) সরেজমিনে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই তিস্তার স্থানে জেগে উঠেছে অসংখ্য চর ও ডুবোচর। নদীর কোনো কোনো স্থানে পানির প্রবাহ এতটাই কমে গেছে যে সহজেই হেঁটে পার হওয়া যাচ্ছে। কোথাও কোথাও মূল জলধারা সংকুচিত হয়ে সরু খালে পরিণত হয়েছে। শুধুমাত্র পানির অভাবেই এক সময়ের খরস্রোতা তিস্তা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে বিপুল পরিমাণ বালু ও পলি এসে নদীতে জমা হয়। এতে ক্রমেই ভরাট হচ্ছে নদীর তলদেশ। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। এ বছর বৃষ্টিপাত ও পানিপ্রবাহ কম থাকায় গত বছরের তুলনায় নদীতে পানির পরিমাণ আরও কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তিস্তার বুকজুড়ে মাইলের পর মাইল বালুচর জেগে ওঠায় অনেক স্থানে এখনই বন্ধ হয়ে গেছে নৌচলাচল। বর্ষায় যে নদীতে শত শত নৌকা নিয়ে মাঝি-মাল্লাদের ব্যস্ততা থাকত, সেখানে এখন ঝিলিক মারছে রুপালি বালুচর। মাছ ধরা, খেয়া পারাপার ও নৌপথে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত মানুষ হারাচ্ছেন তাঁদের কর্মসংস্থান। একসময় নৌপথে জম জমাট ব্যবসা-বাণিজ্যের জন্য পরিচিত তিস্তা এখন অনেকটাই জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।আরও পড়ুন, মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধনএদিকে, নদীর পানির অভাবে তিস্তা অববাহিকার কৃষি ও জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। নদীর বুকে জেগে ওঠা চরে কৃষিজমির পরিমাণ বাড়লেও সেচের পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। অনেক কৃষক শ্যালো, বৈদ্যুতিক মোটর কিংবা অন্য কোনো উৎস থেকে পানি সংগ্রহ করে ফসল ফলানোর চেষ্টা করছেন। ফলে বাড়ছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে নতুন ভোগান্তি। স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকেও তিস্তা নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথে ব্যবসা-বাণিজ্য ছিল বেশ জমজমাট। নদীতে চলাচল করত অসংখ্য পণ্যবাহী নৌকা। নদীকেন্দ্রিক অর্থনীতিতে জীবিকা নির্বাহ করতেন হাজারো মানুষ। কিন্তু সময়ের ব্যবধানে নাব্য কমে যাওয়ায় সেই নৌপথের ব্যস্ততা হারিয়ে গেছে। কাজ হারিয়ে অনেক নৌ-শ্রমিক এখন বেকার জীবন কাটাচ্ছেন। নদীতে পানি না থাকায় গঙ্গাচড়ার মহীপুর এলাকার মৎস্যজীবীদের অবস্থা করুণ হয়ে পড়েছে। মৎস্যজীবীদের অনেকেই অন্য পেশায় না যাওয়ায় তারা পূর্বের পেশায় থেকে পানির অভাবে নদীতে ধরতে যেতে পারছে না। তাছাড়া পানি না থাকায় মাছও কমে গেছে আশঙ্কাজনকভাবে। ইতিমধ্যে অনেকেই পূর্বের পেশা ছেড়ে দিয়ে বিকল্প পেশা বেছে নিয়েছেন। স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, নদীতে মাছ না থাকায় তাঁদের আয়-রোজগার প্রায় বন্ধ। অনেকের ভিটেমাটিও নেই। জীবিকার তাগিদে কেউ পেশা পরিবর্তন করেছেন, আবার কেউ কাজের সন্ধানে ছুটছেন ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। ওদিকে, তিস্তার বুক চিরে জেগে ওঠা চর কিছু কিছু কৃষকের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। কৃষকরা এসব চরে বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন। ফলে একই নদীর পানি কমে যাওয়ায় একদিকে যেমন কৃষকের একটি অংশ চাষাবাদের নতুন জমি পাচ্ছেন, অন্যদিকে নদীনির্ভর জেলে, মাঝি ও নৌ-শ্রমিকদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ-দুর্দশা। স্থানীয়দের মতে, তিস্তার পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, নদীর নাব্য ফিরিয়ে আনা এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ জরুরি। অন্যথায় একসময়ের প্রমত্তা তিস্তা ক্রমেই তার অস্তিত্ব ও ঐতিহ্য হারিয়ে ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত