প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
কোন ইউনিয়নে কবে ভোট অনুষ্ঠিত হবে, ১৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে ইসি
সংবাদ দিগন্ত ||
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে আলোচনা হবে। ইসি সচিব বলেন, সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। দ্বিতীয় বিষয়টি স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত।আরও পড়ুন, ২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি নীতিমালা প্রকাশইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনায় সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। তবে কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন হবে, তা নির্ধারণের বিষয়টি আগামী ১৬ নভেম্বরের সভায় আলোচনার পর স্পষ্ট হতে পারে। সভায় নির্বাচনের প্রস্তুতি ও স্মার্ট এনআইডি কার্যক্রম নিয়ে কমিশনের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত