প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বিনা বেতনে পাঠদান, ২৫০ শিশুর স্বপ্ন বুনছে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়; প্রয়োজন সরকারি সহায়তা
জুবাইর আহমেদ খান রোহান ||
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও রয়েছে স্বপ্ন, রয়েছে শেখার আগ্রহ এবং নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। সেই স্বপ্ন পূরণের পথ তৈরি করতে লালমনিরহাটের কালীগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। নানা সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের মধ্যেও এখানে শিক্ষার আলো ছড়ানো হচ্ছে ২৫০ শিশুর মাঝে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন। শিশুদের যাতায়াত, টিফিন ও খেলাধুলার ব্যবস্থাও করা হচ্ছে সীমিত সামর্থ্যে। তবে দীর্ঘদিন ধরে এমন মানবিক উদ্যোগ চালিয়ে গেলেও এখনো মেলেনি প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা। কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রামের পশুরামপাড়ায় ২০ শতক জমির ওপর ২০১১ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়। আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এখানে পড়াশোনা করতে আসে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫৩ জন ছেলে ও ৯৭ জন মেয়েসহ মোট ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৬০ জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট কমাতে বিদ্যালয়ে রয়েছে তিনটি ইজিবাইক। প্রতিদিন বিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরির চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন, স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তাবিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনায় রয়েছেন ২৫ জন শিক্ষক, ১২ জন শিক্ষা সহায়ক, চারজন অফিস কর্মচারী ও তিনজন ইজিবাইকচালক। এত বড় একটি কার্যক্রম পরিচালিত হলেও শিক্ষক-কর্মচারীদের জন্য নেই কোনো মাসিক সম্মানির ব্যবস্থা। দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন শিক্ষকরা। নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক মানবিক উদ্যোগ। সভাপতি হারুন অর রশীদের পরিবারেও রয়েছে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। নিজের পরিবারের সেই শিশুর শিক্ষা ও ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের অন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। সেই ভাবনা থেকেই ২০১১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরপর থেকে ব্যক্তিগত প্রচেষ্টা ও সীমিত সামর্থ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় বর্তমানে বিদ্যালয়টি চালিয়ে নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা পারভিন ও শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা কোনো বেতন-ভাতা ছাড়াই শিশুদের পাঠদান করছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে।আরও পড়ুন, শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল ঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানাএদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করতে পেরে আনন্দিত। তারা জানায়, বিদ্যালয়ে এসে পড়ালেখা শেখার পাশাপাশি নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারে। নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধুলারও সুযোগ রয়েছে। সহপাঠীদের সঙ্গে সময় কাটানো, শেখা ও খেলাধুলার মধ্য দিয়ে তাদের বিদ্যালয়জীবন আনন্দময় হয়ে উঠেছে। অভিভাবকরাও বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁদের মতে, সন্তানদের এখানে ভর্তি করার পর অনেক উপকার হয়েছে। তারা পড়াশোনা শেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। তবে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম আরও উন্নত হতো। বিশেষ করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হতো। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা শুধু ব্যক্তিগত উদ্যোগের বিষয় নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। প্রয়োজনীয় শিক্ষা, পরিচর্যা ও সহায়ক পরিবেশ পেলে এসব শিশুও নিজেদের মেধা ও সক্ষমতার বিকাশ ঘটিয়ে সমাজে অবদান রাখতে পারে। তাই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা, এমপিওভুক্তি, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিনের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই বিদ্যালয় এখন ২৫০ শিশুর স্বপ্ন ও সম্ভাবনার ঠিকানা। অর্থসংকটে যেন তাদের শিক্ষার পথ থেমে না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের প্রত্যাশা, সরকারি সহায়তা পেলে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় হয়ে উঠবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের আরও সুন্দর একটি কেন্দ্র।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত