প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সিলেটে একাধিক মামলার আসামি হয়েও পদোন্নতি: শ্রীমঙ্গলে শ্রীপদ দেবের অবৈধ সম্পদ
সংবাদ দিগন্ত ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সাবেক কানুনগো শ্রীপদ দেব পদোন্নতি পেয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় 'অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা' হিসেবে যোগদান করেছেন। তবে কানুনগো থেকে এই পদোন্নতি, একই শাখায় পুনরায় পদায়ন, বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিকানা এবং জুলাই-আগস্টের আন্দোলনে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও পদ পাওয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের দাবি, সরকারি চাকুরির সীমিত বেতনের বাইরে তাঁর নামে-বেনামে গড়ে ওঠা কোটি কোটি টাকার সম্পদের উৎস এবং মামলার বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।পরিচয় ও কর্মস্থল বিতর্ক: শ্রীপদ দেব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের ঠাকুর চাঁদ দেবের ছেলে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেড (মূল বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা) থেকে পরবর্তীতে তিনি ১০ম গ্রেডে উন্নীত হন।অভিযোগ রয়েছে, তিনি একই কর্মস্থলে দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে কানুনগো হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়মবহির্ভূতভাবে একই শাখায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ায় দাপ্তরিক কার্যক্রমে তাঁর একক প্রভাব বজায় রয়েছে, যা নিয়ে সহকর্মীদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও জ্যেষ্ঠতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।কোটি কোটি টাকার অবৈধ সম্পদ:স্থানীয় বাসিন্দা ও সাবেক সহকর্মীদের অভিযোগ, শ্রীমঙ্গলে তাঁর কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেট শহরে তাঁর নামে-বেনামে একাধিক জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। এমনকি ভারতের কলকাতায়ও তাঁর ফ্ল্যাট বা বাড়ি থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এসব সম্পত্তির প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য এবং আয়ের উৎসের স্বচ্ছতা নিয়ে জনমনে নানা সংশয় তৈরি হয়েছে।আরও পড়ুন,লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ডরাজনৈতিক প্রভাব ও জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা: অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীপদ দেব তৎকালীন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বানু লাল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আশীর্বাদপুষ্ট ছিলেন। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের তদবির এবং ভূমি-সংক্রান্ত কাজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।এর পাশাপাশি, ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় শ্রীপদ দেবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আন্দোলনকারীদের ওপর হামলা ও ছাত্র হত্যাসং্লিষ্ট ঘটনায় তাঁর নাম এজাহারভুক্ত থাকার পরও কীভাবে তিনি পদোন্নতি পেলেন এবং একই শাখায় বহাল রইলেন, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শ্রীপদ দেবের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।সচেতন মহলের মতে, শ্রীপদ দেবের পদোন্নতি ও পদায়নের পুরো প্রক্রিয়া, তাঁর সম্পদের উৎস, মামলার তথ্য এবং দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করা উচিত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত