প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
রনজিতের সভার ভিডিওতে দেখা নেতা তারা মিয়া আটক
সংবাদ দিগন্ত ||
ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে আওয়ামী লীগের একটি সভায় অংশ নেওয়ার পর আবার ভারতে ফিরে যাওয়ার দাবি করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। গত ৮ নভেম্বর ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতির ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ।কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার দাবি করেছেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। তবে কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষাসফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙানো হলেও পরে আওয়ামী লীগের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, রনজিত সেখানে উপস্থিত হয়ে দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন রনজিত। ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার দেখা যায়। এতে চার উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম ছিল।আরও পড়ুন,হাসিনার দেশে ফেরা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক নেতাদের ভিডিওতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সভাস্থল নিয়ে শুরুতে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপার পরস্পরবিরোধী বক্তব্য দেন। সুনামগঞ্জের পুলিশ সুপার বলেছিলেন, ওই জেলার সীমান্ত দিয়ে রনজিতের প্রবেশের সুযোগ নেই; সভাটি সিলেট সীমান্তের কোনো স্থানে হতে পারে। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের বক্তব্য ছিল, সভাটি সুনামগঞ্জ সীমান্ত এলাকায় হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদিরও তাঁদের অনুসন্ধানে সীমান্তে এমন সভার তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছিলেন। পরে তারা মিয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলের রিসোর্টে গিয়ে সভাস্থল শনাক্ত করে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, ভিডিওতে উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করা হয়েছে। অন্যদের সম্পৃক্ততা জানার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন রনজিত সরকার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত