প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মিরপুরে বাসে আগুন, হতাহত হয়নি কেউ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে এবং একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এসব ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, চিড়িয়াখানা রোডে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।আরও পড়ুন,বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষায় সম্পর্ক জোরদারে দুই নেতা একমত শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অন্যদিকে, পল্লবীর ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা। অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত