প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষায় সম্পর্ক জোরদারে দুই নেতা একমত
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর কথাও বলেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আরও পড়ুন,রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসজ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় স্থান পায়। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন তারেক রহমান। এ সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা জানান তিনি। রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায়ও তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিকও পর্যালোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত