প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু আইনি বিষয়: জয়সওয়াল
সংবাদ দিগন্ত ||
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিকে আইনি ও কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। বাংলাদেশ তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে বলে প্রকাশিত খবর এবং দুই দেশের সম্ভাব্য কনস্যুলার বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে। তিনি আরও বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তাঁর মতে, শেখ হাসিনার বিষয়টিও মূলত সে ধরনের একটি কারিগরি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা নিজ দেশে ফিরতে চাইলে ভারত এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের কাছে জানতে চাওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান জানানোর জন্য হাইকমিশনই উপযুক্ত কর্তৃপক্ষ।আরও পড়ুন, প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরার পরামর্শ শেখ হাসিনাকেশেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির সর্বশেষ আলোচনার প্রসঙ্গেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে। এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। গত সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠান তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার কয়েক দফায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি আলোচনায় এসেছে। তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে তাঁর দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক ও আইনি অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত