প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াল থাবা, ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম
সিকদার মোহাম্মদ শাকুর ||
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। স্থানীয়দের অভিযোগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে তরুণ ও যুবসমাজ। মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তি বাড়ার পাশাপাশি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ আবাসন, সুলতানগঞ্জ, নীলগঞ্জ ফেরিঘাট, মাস্টারবাড়ি, ফরিদগঞ্জ, বাইনতলা ও কুমিরমারা এলাকায় মাদকের বিস্তার তুলনামূলক বেশি। এ ছাড়া টুঙ্গিবাড়িয়া, ফতেহপুর, মজিদপুর, হাজীপুর ও মস্তফাপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কারবারের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। মাদককে কেন্দ্র করে আত্মহত্যা, হত্যাকাণ্ড, ছিনতাই ও হামলার মতো ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের দাবি। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরির প্রবণতা বাড়ছে। সাধারণ মানুষের বাড়ি থেকে ডাব, কলা, পেঁপেসহ বিভিন্ন ফলমূল ও গৃহস্থালি সামগ্রী চুরির ঘটনাও ঘটছে। পাশাপাশি স্কুল-কলেজে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো অভিযোগও রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও কার্যকর নজরদারির অভাবে মাদক কারবারিরা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। ফলে দিন দিন পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।আরও পড়ুন, কসবায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৪সমাজসেবক ও প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর বলেন, “মাদকমুক্ত এলাকা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে প্রশাসনের নজরদারি ও তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। প্রথমে মাদকের বড় কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপর মাদকসেবীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” সচেতন মহলের মতে, শুধু মাদকসেবীদের আটক করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের মূল সরবরাহকারী ও কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবু তালেব বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। বিট পুলিশিং সভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তাদের গোপনে থানায় মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানাই। তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেও মানুষকে উদ্বুদ্ধ করছি। আপনার উল্লেখ করা এলাকাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত