প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
চসিকের রাজস্ব আদায়ে নথি জালিয়াতির অভিযোগে আটজনের বিরুদ্ধে দুদকের দুই মামলা
এম মিজানুর রহমান ||
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং কর নির্ধারণে সরকারি নথি জালিয়াতি ও মূল্যায়নের অঙ্ক পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন অস্বাভাবিকভাবে কমিয়ে দেওয়ার ঘটনায় চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সৈয়দ আলম। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, চসিকের প্রধান কার্যালয় থেকে প্রাথমিকভাবে নির্ধারিত হোল্ডিং করের মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পর নথিতে কারসাজি করা হয়। সরকারি ফিল্ড বুক ও আপিলসংক্রান্ত কাগজপত্রে কাটাছেঁড়া এবং সাদা ফ্লুইড ব্যবহার করে মূল মূল্যায়নের অঙ্ক মুছে নতুন হিসাব বসানোর অভিযোগ পাওয়া গেছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কম কর পরিশোধের সুযোগ করে দেওয়া হয় বলে দুদকের দাবি। প্রথম মামলার তথ্য অনুযায়ী, ইকবাল ট্রেড লিমিটেডের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। অথচ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলের নথিতে তা কমিয়ে ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা দেখানো হয়। এতে মূল মূল্যায়নের তুলনায় প্রায় ২০ কোটি ৫৯ লাখ টাকার ব্যবধান সৃষ্টি হয়। দুদকের অভিযোগ, এই পরিবর্তনের ফলে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে মোট ১৪ প্রান্তিকে চসিক প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয় মামলায় দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের মূল্যায়নে একই ধরনের অনিয়মের অভিযোগ আনা হয়েছে।আরও পড়ুন, টুঙ্গিপাড়ায় লকডাউন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে পুলিশের গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২প্রতিষ্ঠানটির বার্ষিক মূল্যায়ন প্রথমে ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারিত হলেও পরে তা ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকায় নামিয়ে আনা হয়। অর্থাৎ মূল মূল্যায়ন থেকে ২০ কোটি টাকা কমিয়ে দেখানো হয়। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড ব্যবহার করে আগের মূল্যায়নের অঙ্ক মুছে সেখানে কম অঙ্কের নতুন হিসাব বসানো হয়। এই অনিয়মের কারণে তিন বছরে চসিকের প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। দুদকের পৃথক দুই মামলায় আসামি করা হয়েছে রাজস্ব সার্কেল-৮ এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯ এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮ এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ এবং সার্কেল-৯ এর হিসাব সহকারী রূপসী রানী দেব ও মোহাম্মদ আহসান উল্লাহকে। এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকেও মামলার আসামি করা হয়েছে। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. আল আমিন জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং কর নির্ধারণে নথি জালিয়াতি এবং সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তে এ অনিয়মের সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নথিতে মূল হিসাব পরিবর্তন এবং বিপুল অঙ্কের কর মূল্যায়ন কমিয়ে দেওয়ার অভিযোগ চসিকের রাজস্ব প্রশাসনের অভ্যন্তরীণ তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত