প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা বাবার মুক্তি চেয়ে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ||
‘আমরা বাবাকে ফিরে পেতে চাই, আবারও স্বাভাবিক পারিবারিক জীবন ফিরে পেতে চাই’ এমন আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দুই ভাই মোহন (১৮) ও মুহিন (১২)। পারিবারিক বিরোধের জেরে তাঁদের বাবা মোঃ ইয়াছিন আলী গাজী কারাগারে থাকায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে দুই ভাই। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানায় তারা। লিখিত বক্তব্যে দুই ভাই জানায়, তাদের বাবা মোঃ ইয়াছিন আলী গাজী ও মা মোছাঃ জোসনা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। একপর্যায়ে মা সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে দাবি তাদের। মায়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তির সূত্রপাত হয়েছে বলেও অভিযোগ করে তারা। আরও পড়ুন,গাজীপুরে ২৪ ঘণ্টায় ৩ বাস ও কাভার্ডভ্যানে আগুন, এলাকায় আতঙ্কতাদের দাবি, একাধিকবার মাকে বুঝিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। বরং বিরোধ আরও জটিল হয়েছে। দুই ভাইয়ের অভিযোগ, মায়ের পরিবারের কয়েকজন সদস্যের সহযোগিতায় তাঁদের বাবা, চাচা ও দাদির বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে পারিবারিক বিরোধের বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতার নথিও তুলে ধরে তারা। নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যস্থতা চুক্তি নম্বর ১৫০৪/২৬ সম্পাদিত হয়। এতে আবেদনকারী হিসেবে মোছাঃ জোসনা খাতুন এবং প্রতিপক্ষ হিসেবে মোঃ ইয়াছিন আলী গাজী স্বাক্ষর করেন। চুক্তিতে উভয়ের বৈবাহিক সম্পর্ক বহাল রাখার বিষয়ে সম্মতির কথা উল্লেখ ছিল। চুক্তির ৪ নম্বর দফায় ২৯ সেপ্টেম্বর স্বামীকে অভিভাবক ও দুই সন্তানসহ স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাঁকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়। নথিতে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী স্ত্রীকে আনতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে ৩০ সেপ্টেম্বর জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন ইয়াছিন আলী গাজী। পরে ১৫ অক্টোবর উভয় পক্ষকে নিয়ে শুনানি ও আপস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জোসনা খাতুন স্বামীর সঙ্গে সংসার করতে কিংবা স্বামীর বাড়িতে ফিরতে সম্মত হননি বলে নথিতে উল্লেখ রয়েছে। মেয়ের বাবাও তাঁকে স্বামীর বাড়িতে পাঠাতে সম্মত হননি বলে জানানো হয়। লিগ্যাল এইড অফিসের নথি অনুযায়ী, চুক্তির আবেদনকারী পক্ষের চুক্তি ভঙ্গের অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় মধ্যস্থতা চুক্তি-সংক্রান্ত অভিযোগটি নিষ্পত্তি করা হয়। পাশাপাশি ওই চুক্তির ভিত্তিতে দেনমোহর, খোরপোষ ও যৌতুকের মামলা দায়েরের জন্য জেলা লিগ্যাল এইড অফিস থেকে অনুমতি বা প্রত্যয়নপত্র না দেওয়ার আদেশের কথাও নথিতে রয়েছে।আরও পড়ুন,সীমান্তে আড়াই মাসে ৮২ কোটি টাকার পণ্য আটক করল বিজিবি এদিকে, দুই ভাই জানায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ১১(ক), ১১(খ) ও ৩০ ধারায় ৪৬/২৬ নম্বর মামলা দায়ের করা হয়। যৌতুকের দাবিতে মারধর ও গুরুতর জখম করার অভিযোগে দায়ের করা ওই মামলায় তাদের বাবা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের দাবি, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাবাকে মামলায় জড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে মোহন ও মুহিন জানায়, তারা কারও ক্ষতি করতে চায় না, কারও বিরুদ্ধে প্রতিশোধও নিতে চায় না। তাদের একমাত্র চাওয়া, বাবা যেন আবার তাদের কাছে ফিরে আসেন এবং পরিবারে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। তারা বলে, “আমরা আবার বাবার সঙ্গে স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই। আমাদের বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত হোক। প্রকৃত ঘটনা প্রকাশ পাক এবং আমরা ন্যায়বিচার পাই।” সংবাদ সম্মেলন থেকে দুই ভাই পুলিশ ও প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে বাবার কারামুক্তির বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত