প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
সংবাদ দিগন্ত ||
বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।আরও পড়ুন, বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দামএ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ের শিক্ষার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য আগে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হতো। নতুন নির্দেশনায় এ শর্ত তুলে দেওয়া হয়েছে। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে। পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে (করেসপন্ডেন্স কোর্স) নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এসব খাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। অন্যদিকে, দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজে (Form FMJ) পূরণ করে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনার ফলে বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত