প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার অনুশোচনা নেই, অভিযোগ রিজভীর
সংবাদ দিগন্ত ||
শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে এসে আগের মতো শাসন চালানোর স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়; এটি তাঁর দিবাস্বপ্ন। সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা কলঙ্কিত করে শেখ হাসিনা আবারও ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে চান। সাজানো পুলিশ ও র্যাব দিয়ে আগের মতো দেশ শাসন এবং ক্ষমতা ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনায় তিনি বিভোর। রিজভী প্রশ্ন করেন, ভারত তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিলেই দেশের ১৮ কোটি মানুষ তাঁকে মেনে নেবে কি না। তাঁর ভাষ্য, শহীদদের রক্তের দাগ মুছে যায়নি; দেশের মানুষ জেগে উঠেছে।আরও পড়ুন, ‘জাতির সামনে অপমানিত করুন’-রাশেদ খানকে লক্ষ্য করে আমির হামজার বদদোয়া ৭ নভেম্বরের চেতনা অধিকার রক্ষা এবং অত্যাচারী ও লুটেরাদের পতনের চেতনা। বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদী রাজনীতি চালু করতে চান কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, অতীতে হত্যা ও নানা ভুলের পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আলোচনায় রিজভী আওয়ামী লীগের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর মানুষের আশা-আকাঙ্ক্ষা বাকশালের মাধ্যমে ধূলিসাৎ করা হয়েছিল। পাকিস্তানি শাসন ও স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনের মধ্যে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রক্ষীবাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি বাহিনীর তুলনা টানেন রিজভী। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ঘটনার পর শেখ মুজিবুর রহমানের অনুসারীরা ক্ষমতায় এসেছিলেন। অন্যদিকে, ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নয়নের পথে নেওয়ার ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তাঁর মতে, জিয়াউর রহমান পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এনেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত