প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
আজ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষর
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক স্তরের এই সম্মেলন ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং তাদের জাতীয় উন্নয়ন কৌশল ‘ভিশন ২০৩০’-এর অংশ পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই বৃহৎ আয়োজনটি সম্পন্ন হচ্ছে। বিশ্বব্যাপী হজযাত্রীদের সেবা আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যেই এটি আয়োজিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আরও পড়ুন,মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তাএ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও শীর্ষ সরকারি প্রতিনিধিরা। এবারের প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনা। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ট্র্যাকিং এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বখ্যাত ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান এই মেলায় তাদের উদ্ভাবন ও পণ্য উপস্থাপন করেছে। এদিকে, সৌদি সফররত বাংলাদেশের প্রতিনিধিদলের জন্য এই আয়োজনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৭ সালের দ্বিপাক্ষিক চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের হজযাত্রীদের কোটা, বিমান ভাড়া, মিনা-আরাফাতের তাবু ব্যবস্থাপনা এবং সামগ্রিক সুযোগ-সুবিধা চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত