প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, চলতে পারে ১০ কার্যদিবস
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশনটি চলতে পারে। এ সময়ে মোট ১০ কার্যদিবস নির্ধারণের সম্ভাবনা রয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে এবং সেগুলোর ওপর আলোচনা হবে।আরও পড়ুন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আর্ট এক্সিবিশন আয়োজনের নির্দেশনা মাউশিরআগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় চলতি অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। এদিকে, অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যদিবস ও কর্মসূচি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও আলোচনার জন্য সময় নির্ধারণ করা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি এ বিষয়ে প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত