প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আর্ট এক্সিবিশন আয়োজনের নির্দেশনা মাউশির
সংবাদ দিগন্ত ||
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং সুপ্ত প্রতিভা তুলে ধরতে ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হবে। রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশির মতে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ সৃষ্টি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন ও আর্ট এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরও পড়ুন,প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনাতবে এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি শর্তও দিয়েছে অধিদপ্তর। শর্ত অনুযায়ী, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন প্রতি তিন মাস পরপর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে। এ ছাড়া চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র এবং কার্যক্রম পরিচালনার সংশ্লিষ্ট নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। কার্যক্রমটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও শিল্পচর্চায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত