প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আগে টেঁটা হামলা, এখন হত্যার হুমকি নিরাপত্তা কোথায় আবুল কালামের
মো. রাকিব হোসেন ||
একটি মসজিদের পরিচালনা কমিটিতে পদ-পদবি নিয়ে বিরোধের জেরে একের পর এক হুমকি ও হামলার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মসজিদ কমিটির বর্তমান সহসভাপতি আবুল কালাম আজাদ। এর আগেও রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে মাছ শিকারের টেঁটা দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। এবার তাঁকে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। ঘটনাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটিতে পদ-পদবি নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ তাঁর ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী রাসেল এবং তাঁর অনুসারী ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। আবুল কালাম আজাদের অভিযোগ, এর আগেও এক রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মাছ শিকারের টেঁটা দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে। আরও পড়ুন,গঙ্গাচড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপনএকপর্যায়ে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ওই ঘটনার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। বর্তমানে নতুন করে হত্যার হুমকির অভিযোগে তাঁর ও পরিবারের আতঙ্ক আরও বেড়েছে।তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি একাধিকবার পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। কিন্তু তাঁর অভিযোগ, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি কিংবা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ আবেগঘন কণ্ঠে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অতীতের হামলার অভিযোগ এবং বর্তমান হত্যার হুমকির বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একটি মসজিদের পরিচালনা কমিটিকে কেন্দ্র করে বিরোধের জেরে একজন দায়িত্বশীল ব্যক্তিকে বারবার নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে—এমন অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগের বিষয়। ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব ও পদ-পদবি নিয়ে মতবিরোধ থাকলেও তা যেন কোনোভাবেই হামলা, ভয়ভীতি কিংবা প্রাণনাশের হুমকিতে রূপ না নেয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত