প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বিএনপি সব বিপ্লবের সুফল নেয়, পরে আওয়ামী লীগ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ
সংবাদ দিগন্ত ||
দেশের বিভিন্ন আন্দোলন ও বিপ্লবের সুফল বিএনপি ভোগ করে, পরে দলটি আবার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে ‘ফেইলড আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক ব্যর্থতার পেছনে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করার প্রবণতা কাজ করেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভিন্ন সময়ে জনগণের অংশগ্রহণে সংঘটিত আন্দোলন ও বিপ্লবের সুবিধা বিএনপি নিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে দলটি আওয়ামী লীগের মতো হতে চেয়েছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি রাজনৈতিক চরিত্র ও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিষয়। যে দলেরই হোক, কারও মধ্যে এসব বৈশিষ্ট্য থাকলে তিনি আওয়ামী লীগের মতো আচরণ করবেন। তিনি আরও বলেন, ১৯৯০, ১৯৯৬ ও ২০০৬ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিএনপি আওয়ামী লীগকে পথ দেখিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক প্রকল্প বিএনপি বাস্তবায়নের চেষ্টা করলেও সফল হতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, রাজনৈতিক সিদ্ধান্তের দায় নিজেই নেন ইশরাকবিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের তুলনা করে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ যেসব রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করতে চেয়েছে, সেগুলোতে সফল হয়েছে। অন্যদিকে, বিএনপি একই ধরনের উদ্যোগ নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। বিশেষ করে নির্বাচনব্যবস্থা কলুষিত করার প্রচেষ্টায় বিএনপি সফল হয়নি বলে দাবি করেন তিনি। বিএনপির রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ বারবার আন্দোলন-সংগ্রামে রক্ত দিয়েছে। ১৯৯০ সালের প্রজন্মের পাশাপাশি সাম্প্রতিক প্রজন্মও রক্ত দিয়েছে। একটি জাতিকে বারবার রক্ত দিতে হলে রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, প্রত্যেক প্রজন্মকে যেন নতুন করে পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নামতে না হয়, সে জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, দায়িত্বশীলতা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন। প্রজন্মের পর প্রজন্ম পরিচয় সংকট ও রাজনৈতিক সংগ্রামের মধ্যে আটকে থাকার পরিবর্তে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এনসিপির এই সংসদ সদস্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত