প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
৪০ বছরেও সংস্কার হয়নি রাস্তা, অবশেষে স্বেচ্ছাশ্রমে মেরামত করলেন এলাকাবাসী
জুবাইর আহমেদ খান রোহান লালমনিরহাট প্রতিনিধি। ||
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দীর্ঘ ৪০ বছরেও সংস্কার হয়নি একটি রাস্তা। জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সমাধান না পেয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তাটি মেরামত করেছেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তার খানাখন্দ ভরাট করায় আপাতত চলাচলের উপযোগী হয়েছে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকার রাস্তাটিতে এ সংস্কারকাজ শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকারের উদ্যোগে এতে অংশ নেন এলাকার নারী-পুরুষ ও যুবকরা। কোদাল হাতে দলবদ্ধভাবে তারা রাস্তার বড় বড় গর্তে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন।আরও পড়ুন,কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। সৃষ্টি হয় অসংখ্য গর্তের। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার হাজারো মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। জনপ্রতিনিধিরা ভোটের সময় রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবশেষে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামতের কাজে নেমেছেন তারা। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি চলাচলের উপযোগী করা হলেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ সংস্কার। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা নেবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পান এই এলাকার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত