প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
১৫৮ কোটি টাকার প্রকল্পে ব্যবহার নিয়ে প্রশ্ন
সংবাদ দিগন্ত ||
তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার সহজ ও সমৃদ্ধ করতে ১২টি সফটওয়্যার ও প্রযুক্তি উপকরণ তৈরি করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এসব প্রযুক্তি উন্নয়নে গত ১০ বছরে ব্যয় হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। তবে বিপুল অর্থ ব্যয়ে তৈরি এসব সেবার বেশির ভাগই এখনো সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারেনি। কোনো কোনো সেবার ব্যবহার সীমিত, আবার কিছু প্রযুক্তি পুরোপুরি ব্যবহারবান্ধব হয়নি। ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পটি ২০১৬ সালে নেওয়া হয়। বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রকল্পের অনুমোদিত বরাদ্দ ১৫৮ কোটি টাকা। তিন দফা মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ ২০২৮ সালের জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।প্রকল্পের আওতায় বাংলা বানান যাচাই, অডিও থেকে লেখা তৈরি, লেখা থেকে কণ্ঠ তৈরি, ভাষা অনুবাদ, স্ক্রিন রিডার, ইশারাভাষা শনাক্তকরণ, ব্রেইল কনভার্টার, বাংলা ফন্ট ও কিবোর্ডসহ বিভিন্ন প্রযুক্তি তৈরি করা হয়েছে। পরিকল্পনায় ১৬টি উপাদান থাকলেও ১০ বছরে ১২টির কাজ শেষ হয়েছে বলে প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে সফটওয়্যার উন্নয়ন, হোস্টিং ও সংরক্ষণে খরচ হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে অফিস পরিচালনা, সভা-সেমিনার ও প্রচার কার্যক্রমে। তবে এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকল্পের ‘জিজ্ঞাসা’ নামের এআই চ্যাটবটে পরীক্ষামূলকভাবে দিনে গড়ে ১১০টি অনুরোধ আসে। আরও পড়ুন,ইতিহাস সচেতন তরুণ সমাজই এগিয়ে নেবে বাংলাদেশকাগজডটএআই প্ল্যাটফর্মের ওসিআর সেবায় দৈনিক অনুরোধ প্রায় ৫০টি। ফন্ট রূপান্তরের সেবায় ৩৫ দিনে ফাইল রূপান্তর হয়েছে ২৭৫টি। অন্যদিকে বাংলা বানান যাচাইয়ের সেবায় দৈনিক গড়ে প্রায় পাঁচ লাখ অনুরোধ আসে। প্রথম আলোর পরীক্ষায় বানান যাচাইয়ের সেবা ভালো ফল দিলেও অডিও থেকে লেখা তৈরির ক্ষেত্রে বড় ফাইল নিয়ে সমস্যা দেখা গেছে। এআই চ্যাটবট সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারলেও জটিল প্রশ্নে কখনো বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঞা স্বীকার করেছেন, প্রকল্পের সব টুল সমানভাবে অর্থবহ হয়নি এবং সেগুলো মানুষের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছাতে পারেনি। প্রকল্প পরিচালক মাহবুব করিম জানিয়েছেন, কাজ শেষে প্রযুক্তি ও তথ্যভান্ডার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু সফটওয়্যার তৈরি বা তথ্যভান্ডার সংগ্রহের হিসাব দিয়ে প্রকল্পের সাফল্য বিচার করা যায় না। প্রযুক্তিগুলো কতটা কার্যকর, কত মানুষ ব্যবহার করছেন এবং প্রকল্পের মেয়াদ শেষে সেগুলো সচল রাখার ব্যবস্থা কতটা টেকসই এসব বিষয় মূল্যায়ন জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত