প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বাজারে হামলার নিন্দা জানাল ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয়
সংবাদ দিগন্ত ||
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে তিন দফা বিমান হামলায় অন্তত ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টেলিভিশন জানায়, শুক্রবার (৬ নভেম্বর) তায়িজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাধারা বাজারে এ হামলা হয়। হামলার সময় বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি ছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির দাবি, সৌদি রাজকীয় বিমানবাহিনীর একটি এফ-১৫এসএ যুদ্ধবিমান খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বাজারটিতে পরপর তিনটি হামলা চালায়। পরে বিমানটি নিজ ঘাঁটিতে ফিরে যায়। তিনি এ ঘটনার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হামলার পর বাজারের ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ ও ধ্বংসাবশেষের পাশাপাশি স্বজনদের খোঁজে স্থানীয়দের ছোটাছুটি করতে দেখা যায়। এর মাত্র চার দিন আগে তায়িজের আল-মিসরাখ জেলার আল-মাখাফ বাজারে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।আরও পড়ুন,শতবর্ষের ইতিহাস ভেঙে ভিপি হলেন নাশরা নাঈম ফলে চার দিনের ব্যবধানে প্রদেশটির দুটি বাজারে হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩৩ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জনবহুল বাজারে হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয়। তাদের অভিযোগ, বেসামরিক মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ধ্বংসের উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। মন্ত্রণালয় ঘটনাগুলোকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ দাবি করেছে। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে। এরপর থেকে দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে অভিযান এবং সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে। তবে এসব দাবির স্বাধীন যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত