প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, বর্তমানে বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। অতীতেও গায়ের জোরে ক্ষমতায় থাকা অনেকেই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটি সার্বিক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। বিএনপিকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কারা নিজেদের ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত ছিল, আর কারা দেশের পরিবর্তন ও সংস্কারের কথা ভেবেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, যারা দেশের সংস্কারের কথা ভাবেনি, তারাই অনৈক্য সৃষ্টি করেছে। এখন আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে তারা ঐক্যের কথা বলছে।আরও পড়ুন, শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমাননাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল। তবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার বিষয়টি দেখা গেছে। এ অবস্থান থেকে বিএনপির সরে আসা উচিত। জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য বিএনপিকে দিতে হয়েছে। বিএনপি অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে কী পরিণতি হবে, তা বলা কঠিন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ এনসিপির অন্যান্য নেতা। পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন নাহিদ ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত