প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামে হত্যা মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৯৪২৩/২৬। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। এ সময় দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আরও পড়ুন, সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুরস্কৃত ১৫০ শিশু-কিশোরহাসপাতালে নেওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যু-সংক্রান্ত প্রমাণপত্রে মৃত্যুর কারণ হিসেবে ‘Hanging’ উল্লেখ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছিল। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত