প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ
এইচ,এম আওলাদ ||
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০ নম্বর শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষের দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইব্রেরি কক্ষে প্রবেশের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। কক্ষের ভেতরে থাকা দুটি স্টিলের আলমারি ও একটি ওয়ারড্রব তল্লাশি করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী বসু জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী রিতা দাস মাঠ পরিষ্কার করতে এসে লাইব্রেরি কক্ষের দরজার তালা কাটা ও দরজা খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি সহকারী শিক্ষক অমল হাজরা ও তাঁকে জানান। খবর পেয়ে বিদ্যালয়ে এসে তিনি কক্ষের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।আরও পড়ুন, জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপিরপ্রধান শিক্ষক আরও জানান, এ ঘটনায় কিছু নগদ টাকা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষা উপকরণ চুরি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী চুরির ঘটনা সম্পর্কে কোটালীপাড়া থানার পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত