প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
দেশজুড়ে ৭৭ শাখায় নতুন আমিরের দায়িত্ব বণ্টন
সংবাদ দিগন্ত ||
২০২৭-২০২৮ সাংগঠনিক কার্যকালের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নতুন আমিরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সদস্যদের (রুকন) গোপন ব্যালটে সরাসরি ভোটে নির্বাচিত এসব নেতার নাম বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছর নবনির্বাচিত আমিরেরা নিজ নিজ সাংগঠনিক ইউনিটের দায়িত্ব পালন করবেন। রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল আমির নির্বাচিত হয়েছেন। অন্যান্য মহানগরের মধ্যে চট্টগ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেটে মো. ফখরুল ইসলাম, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, রংপুরে এ টি এম আজম খান এবং বগুড়ায় আবদুল মালেক দায়িত্ব পেয়েছেন। আরও পড়ুন,ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জামায়াত-এনসিপিকে পাশে পাওয়া যাবে না: রাশেদজেলা পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকারসহ নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগে রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার এবং পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। খুলনা বিভাগে সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এবং খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, গাজীপুরে মাওলানা সেফাউল হক এবং নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম বিভাগে কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ নতুন আমির নির্বাচিত হয়েছেন। সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলা শাখাগুলোতেও নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত