প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে: শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিরসনে সরকার ও মালিকপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে। বুধবার (৪ নভেম্বর) দেওয়া এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এর ফলে অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় নিন্দা জানান জামায়াত আমির। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আরও পড়ুন,চুয়াডাঙ্গায় জামায়াতের নতুন আমির রুহুল আমিনশফিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ অস্থিরতা দীর্ঘায়িত না করে সরকারকে দ্রুত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব না করার ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে সুযোগসন্ধানীরা অস্থিরতার সুযোগ নিতে পারে। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের নিজেদের প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাঁদের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত