প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশি জাহাজের নিরাপদে হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানার আহ্বান রাষ্ট্রদূতের
সংবাদ দিগন্ত ||
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে ইরানের নির্দেশনা মেনে তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশের পক্ষেই এই কৌশলগত নৌপথ দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন সম্ভব নয়। বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও জানান। বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‘হরমুজ পার হতে অবশ্যই ইরানের বেঁধে দেওয়া নির্দেশনা মানতে হবে।’ ইতোমধ্যে বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্য গোপনীয়। বিষয়টি শুধু সংশ্লিষ্ট কর্মকর্তারাই জানেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত জানান, এ নিয়ে ইরান, কাতার ও ওমানের পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা প্রয়োজন।আরও পড়ুন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরসংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন জলিল রহিমি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সমঝোতার অর্থ আত্মসমর্পণ। এ ধরনের কোনো সমঝোতা তেহরান মেনে নেবে না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। ইরানের ওপর পারমাণবিক হামলার আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রদূত হুঁশিয়ারি দেন, এমন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়া হবে। যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। চলমান পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও ইরান ইস্যুতে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক। আরবের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান সেসব দেশে হামলা চালাত না বলেও দাবি করেন জলিল রহিমি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বিভিন্ন হামলার ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত