প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
চার দিনের রিমান্ড শেষে ফের তিন দিনের রিমান্ডে দিশা
সংবাদ দিগন্ত ||
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগে তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে গেছেন। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে দেখা গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।আরও পড়ুন,রাজশাহী ঢাকা ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা তদন্ত কর্মকর্তার দাবি, তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনায় হত্যাকাণ্ডের আগে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, ঘটনাস্থল নির্ধারণ ও আলামত উদ্ধারের জন্য দিশাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাই করার কথা বলা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে মায়ের ফোন পেয়ে শিগগির বাসায় ফেরার কথা জানালেও আর ফেরেননি। রাত ১টা ৩৫ মিনিটে তাঁর মুঠোফোন থেকে মেসেঞ্জারে বাসায় ফেরার কথা জানিয়ে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত