প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বিচারক সৈয়দ আজাদ সুবহানী পেলেন নতুন দায়িত্ব
সংবাদ দিগন্ত ||
ন্যূনতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য সৈয়দ আজাদ সুবহানী। তিনি বর্তমানে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আরও পড়ুন,বিএনপির প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণআদেশ অনুযায়ী, ন্যূনতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) ইসমেত জিহান প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত