প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের হাত ধরেই বড় পর্দায় মিমের অভিষেক
সংবাদ দিগন্ত ||
অভিনয়জীবনের শুরুতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র পাঁচ হাজার টাকা। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালিত ‘রহস্য’ নাটকে অভিনয়ের জন্য এই সম্মানী পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর সেই প্রথম উপার্জনের স্মৃতি এখনো সযত্নে ধরে রেখেছেন এই অভিনেত্রী। ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু হলেও বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম। সময়ের সঙ্গে বেড়েছে তাঁর জনপ্রিয়তা ও কাজের পরিধি। তবে শোবিজে পথচলার শুরুর দিনগুলোর স্মৃতি এখনো বিশেষ জায়গা দখল করে আছে তাঁর মনে। মিম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া প্রথম পাঁচ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দিয়েছিলেন। তারপরও সেই পারিশ্রমিক তাঁর কাছে অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে শোবিজে পরিচিতি পান মিম। তবে এর আগে প্রায় দুই বছর ধরে গণমাধ্যমে কাজের চেষ্টা চালিয়েছিলেন তিনি। শুরুতে অভিনয়ের প্রস্তাব পেলেও তাঁর ইচ্ছা ছিল প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয় করার। আরও পড়ুন,বেবি ডল’খ্যাত কনিকার জীবনে নতুন অধ্যায়একবার অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমের। ছবিটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবীন। সহশিল্পী ও নির্মাতার সহযোগিতায় অভিনয়ের শুরুর দিকের জড়তা কাটিয়ে ওঠেন বলে পরে স্মৃতিচারণা করেছেন এই অভিনেত্রী। এরপর ২০০৯ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় সিনেমা ‘আমার প্রাণের প্রিয়া’। পরবর্তী সময়ে ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’, ‘পদ্ম পাতার জল’, ‘পরাণ’ ও ‘দামাল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। একসময় চলচ্চিত্রে অভিষেকের জন্য মিমের পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা। আর গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ১৫ লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হওয়া অভিনয়জীবনে বিদ্যা সিনহা মিমের এই পথচলা এখন সাফল্যের দীর্ঘ গল্প।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত