প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
চন্দ্রগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সংবাদ দিগন্ত ||
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। আগামী ৫ নভেম্বর সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ আয়োজনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নতুন কুঁড়ি স্পোর্টসের চন্দ্রগঞ্জ উপজেলা কমিটির এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টসের চন্দ্রগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক নিলুফা ইয়াসমিন নিপা। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ্য ও উদ্দেশ্য, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের সার্বিক প্রস্তুতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ এবং প্রতিযোগিতাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। আরও পড়ুন,মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতএ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করা হবে। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন উপজেলা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা জানান, কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে বিদ্যালয়টির মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর চন্দ্রগঞ্জ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে এ আয়োজন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিত সহযোগিতায় প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মুঠোফোন ও প্রযুক্তিনির্ভরতা থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ক্রীড়াঙ্গনে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম প্রত্যাশা। চন্দ্রগঞ্জ উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে—এমন প্রত্যাশা করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত